আইসিসির মাসসেরা হলেন নাহিদ রানা

১৪ মে ২০২৬, ০৪:১৮ PM , আপডেট: ১৪ মে ২০২৬, ০৪:৪২ PM
নাহিদ রানা

নাহিদ রানা © আইসিসি

সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে আছেন নাহিদ রানা। গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন। এবার স্বীকৃতি হিসেবে আইসিসি পুরুষদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন টাইগার এই পেস সেনসেশন।

ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন নাহিদ। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোট ৮টি উইকেট শিকার করেন তিনি। এর আগে, মার্চে পাকিস্তানের বিপক্ষেও ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
এবারই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন নাহিদ। এ ছাড়া গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজ এই পুরস্কার জয়ের পর পুরুষ বিভাগে লাল-সবুজের প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন তিনি।

পুরস্কার জয়ের পর নাহিদ রানা বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া সত্যিই দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে। এই সিরিজ আমি সবসময় মনে রাখব।”

তরুণ এই পেসার আরও বলেন, “সতীর্থদের অবিচল সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জন্য আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে চাই।”

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বেশ নিষ্প্রভ ছিলেন নাহিদ। ৬৫ রান খরচায় মাত্র একটি উইকেট শিকার করেন। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার শিকার করেন।

মিরপুরে সেই ম্যাচে পাওয়ারপ্লেতেই জোড়া উইকেট শিকার করেন। এরপর গুরুত্বপূর্ণ আরও তিনটি উইকেট শিকার করে কিউইদের ১৯৮ রানের মধ্যেই গুটিয়ে দেন। এতে মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে ৫/৩২ বোলিং ফিগার নিয়ে ম্যাচ শেষ করেন। এর আগে, চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ফাইফার নিয়েছিলেন তিনি।

চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও কিউই ব্যাটারদের ভুগিয়েছেন তিনি। সিরিজ নির্ধারণী ম্যাচে আরও দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে সহায়তা করেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য সিরিজসেরার পুরস্কারও পান তিনি।

পুরো সিরিজে নাহিদ ১৬ দশমিক ৭৫ রান গড় এবং ৪ দশমিক ৪৬ তার ইকোনমি রেটে ৮ উইকেট নেন। এই দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সম্মান এনে দিয়েছে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬