একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?

০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পাশাপাশি ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

নতুন গঠিত অ্যাডহক কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি এই সময়ের মধ্যেই একটি নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের দায়িত্বও তাদের ওপর ন্যস্ত থাকবে।

সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নতুন এই কমিটির সভাপতি করা হয়েছে। দেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত তিনি। সর্বশেষ বিসিবি নির্বাচনে প্রার্থী হতে চাইলেও অনিয়মের অভিযোগে সরে দাঁড়ান; পরে সেই অনিয়ম প্রমাণিত হলে বোর্ড ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সময়ে তাকেই প্রধান করা হয়।

কমিটিতে জাতীয় দলের সাবেক আরও দুই ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান আছেন। নান্নু সাবেক অধিনায়ক এবং দীর্ঘদিন প্রধান নির্বাচক ছিলেন, আর আতহার খেলোয়াড়ি জীবন শেষে পরিচিত ধারাভাষ্যকার হিসেবে প্রতিষ্ঠিত।

এছাড়া কমিটিতে বিভিন্ন প্রভাবশালী পরিবারের সদস্যরাও স্থান পেয়েছেন, যারা যোগ্যতা ও গ্রহণযোগ্যতায়ও সমানভাবে এগিয়ে। তাদের মধ্যে আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, তিনি প্রখ্যাত আইনজীবী আখতার ইমামের মেয়ে এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

ঢাকা-৮ এর সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাসের সন্তান মির্জা ইয়াসির আব্বাসও কমিটিতে আছেন। তিনি ঢাকা ব্যাংকের বোর্ড ডিরেক্টর। অন্যদিকে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে ফাইন্যান্সে এমএসসি এবং অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে ডিবিএ সম্পন্ন করা সৈয়দ ইব্রাহীম আহমেদও কমিটিতে আছেন। বিএনপির বর্ষীয়ান নেতা, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সন্তান তিনি। আরও আছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা, কলামিস্ট এবং ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত তিনি।

কমিটির আরেক সদস্য মির্জা সালমান ইস্পাহানি দীর্ঘদিন ধরেই ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং এমএম ইস্পাহানী লিমিটেডের শীর্ষ পদে রয়েছেন তিনি; চট্টগ্রামে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্যও পরিচিত তিনি। 

অন্যদিকে রফিকুল ইসলাম বাবু সাবেক বোর্ড পরিচালক এবং দেশের ক্লাব ক্রিকেটে প্রভাবশালী ব্যক্তি, নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ফাহিম সিনহাও সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক পরিবারের সন্তান, অনিয়ম নিয়ে তিনিও সরব ছিলেন। প্রয়াত বোর্ড সভাপতি ও খ্যাতনামা ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার পুত্র তিনি। এ ছাড়া আহ্বায়ক কমিটিতে আছেন তানজিল চৌধুরী। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাফল্যের অন্যতম কারিগর, দুই মেয়াদে সাবেক বিসিবি পরিচালক এবং অভিজ্ঞ সংগঠক।

এর আগে গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। এ কারণে নির্বাচনের আগেই নিজেদের প্রত্যাহার করে নেয় দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে নামে জাতীয় ক্রীড়া পরিষদ।

পরে গত রবিবার অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দেয়। এর মাত্র দুই দিনের মধ্যেই বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। 

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬