লিগ বর্জন করা ক্লাবদের বিপক্ষে কঠোর শাস্তির ঘোষণা বিসিবির

০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আয়োজিত সব ঘরোয়া টুর্নামেন্টে যুক্ত হলো নতুন একটি ধারা। অংশগ্রহণ না করা বা মাঝপথে দল প্রত্যাহারের বিষয়ে কঠোর এই নিয়মের ঘোষণা দিয়েছে বিসিবি।

সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ থেকেই কার্যকর হবে এই নতুন বিধান।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো দল যদি লিগে অংশগ্রহণ না করে বা টুর্নামেন্ট চলাকালে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়, তবে সেই দলকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে। পাশাপাশি দলটির অবনমন ঘটবে নির্ধারিত নিয়ম অনুযায়ী।

বোর্ডের এই পদক্ষেপের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ও প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

১) কোনো দল সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশগ্রহণে ব্যর্থ হলে, কিংবা লিগ শুরু হওয়ার পর প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, সংশ্লিষ্ট দলটি অবিলম্বে অযোগ্য ঘোষণা ও রেলিগেশনের মুখোমুখি হবে। সেই মৌসুমে দলটির পুনরায় অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না।

২) অযোগ্য ঘোষণার বা প্রত্যাহারের আগে যদি দলটি এক বা একাধিক ম্যাচে অংশ নিয়ে থাকে, তবে সেই সব ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ দলকে প্রদান করা হবে—মূল ফলাফল যাই হোক না কেন।

৩) দলটি অযোগ্য ঘোষিত হওয়ার পর যেসব দল তাদের বিপক্ষে খেলার সূচিতে ছিল, সেই সব দল স্বয়ংক্রিয়ভাবে ঐ ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে।

৪) লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে খেলা থেকে নাম প্রত্যাহার করবে, তাদের ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয়।

৫) কোনো মৌসুমে যদি দুটি বা তার বেশি দল অংশগ্রহণ না করা বা প্রত্যাহারের কারণে অবনমিত হয়, তবে ঐ মৌসুমে ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে না।

৬) ২০২৬–২৭ মৌসুমে কত দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম—২০২৫–২৬ মৌসুমে এই ধারার আওতায় কত দল অবনমিত হয়েছে তার ভিত্তিতে।

ট্যাগ: বিসিবি
তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী আজ, থাকছে সংগীতানুষ্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬