এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে ৬ দিন

২৬ আগস্ট ২০২১, ১২:০০ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের হার ৭-৮ শতাংশ থাকলেও খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। আসছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। এরই মধ্যে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুরুতে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা সপ্তাহের ছয় দিন ক্লাস করবে। অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক থেকে দুই দিন হতে পারে। 

আগামী রোববারের মধ্যেই বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, এরই মধ্যে মাঠ পর্যায়ে স্কুল-কলেজ কর্তৃপক্ষকে যেকোনো সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্ণ প্রস্তুতি নিতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্লাস চলবে, সে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে।

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সার্বিক প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এতে যুক্ত থাকবেন ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা। সেখানে কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই সূত্র বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে করোনা সংক্রমণের হার চার সপ্তাহ ধরে ৫ শতাংশ বা এর কম থাকলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এমনটা বলা যাবে। এরই পরিপ্রেক্ষিতে এত দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, করোনা সংক্রমণের হার ৫ শতাংশ নিচে এলে স্কুল-কলেজ খোলা হবে, কিন্তু বাংলাদেশে দীর্ঘ দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সম্প্রতি প্রধানমন্ত্রীও দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তাগিদ দিয়েছেন। এই পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষ নাগাদ করোনা সংক্রমণ ৭ বা ৮ শতাংশ থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকলে অক্টোবরের শুরুতেই হল খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ আজকের বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঠিক আছে। আর কত দিন শিক্ষার্থীরা বসে থাকবে? আমাদের পক্ষ থেকে প্রস্তাব থাকবে, যদি করোনা সংক্রমণ ১০ শতাংশের নিচে থাকে তাহলেও যেন সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।’

কাজী শহীদুল্লাহ আরো বলেন, ‘এখন ১৮ বছর বয়সীরাও টিকা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশির ভাগ শিক্ষার্থীই টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজও অনেকের সম্পন্ন হয়েছে। শিক্ষক-কর্মচারীদের প্রায় সবাই দুই ডোজ টিকাই নিয়েছেন। এ ছাড়া আমাদের যাঁরা শিক্ষার্থী তাঁদের বয়সও ২৫ বছরের নিচে, যাঁদের সংক্রমণের হার খুবই কম। আর কিছুটা ঝুঁকি তো আমাদের নিতেই হবে।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শুরুতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হবে। নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুই দিন। অন্যান্য শ্রেণিতে সপ্তাহে এক দিন ক্লাস নেওয়া হবে। যদি পরিস্থিতি ভালো হয়, তাহলে স্কুল খোলার দুই-তিন সপ্তাহ পর থেকে সব শ্রেণিতে স্বাভাবিক ক্লাস নেওয়া হতে পারে। প্রাথমিকেও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বেশিদিন স্কুলে আনা হবে। অন্যান্য শ্রেণিতে এক-দুই দিন ক্লাস হতে পারে। আর প্রাক-প্রাথমিকের ক্লাসও অবস্থা বিবেচনা করে শুরু করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাই। তবে করোনা সংক্রমণ আরো একটু কমার জন্য অপেক্ষা করছি। শিক্ষক-কর্মচারীদের টিকা দেওয়া প্রায় শেষ পর্যায়ে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করা হবে, সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি রয়েছে।’

জানা যায়, এ বছর সংক্ষিপ্ত পরিসরে নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসির পরীক্ষা নেওয়া হবে। এসএসসির জন্য ৬০ কর্মদিবস ও এইচএসসির জন্য ৮৪ কর্মদিবসের সিলেবাস প্রকাশ করা হলেও যে কয়দিন সময় পাওয়া যায় তার মধ্যে ক্লাস করে সিলেবাস শেষ করানো হবে। এসএসসি ও এইচএসসি—উভয় ক্ষেত্রেই গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে। তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। রচনামূলক অংশে নম্বর থাকবে ৩৫ ও এমসিকিউতে (মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন) থাকবে ১৫ নম্বর। শিক্ষার্থীরা প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ পাবে। তবে ৫০ নম্বরকে ১০০-তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে।

এবার আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি ও ধর্ম এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এসব বিষয়ে পরীক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। এসএসসির ক্ষেত্রে জেএসসি, এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির ফল মূল্যায়ন করা হবে। এসএসসিতে (ভোকেশনাল) জেএসসি ও নবম শ্রেণি এবং এইচএসসিতে (ভোকেশনাল) এসএসসি ও একাদশের ফল মূল্যায়ন করা হবে।

আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 
  • ২৩ মার্চ ২০২৬
রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence