এইচএসসি পরীক্ষার কাল্পনিক তারিখে বিভ্রান্ত করা হচ্ছে: মন্ত্রণালয়

২৯ আগস্ট ২০২০, ০১:৪৭ PM

মহামারি করোনার কারণে চলতি বছরের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনও রকমের গুজবে বিভ্রান্ত না হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে ভুয়া কোনও পেজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যও বিশ্বাস না করতে বলা হয়েছে। সবার প্রতি এই আহ্বান জানিয়ে শনিবার (২৯ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে—শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুকে পেজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খুলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হচ্ছে।

আরও জানানো হয়, স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি পরীক্ষা হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিস্থিতি হলে নেওয়া হবে এবং পরীক্ষার তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উপযুক্ত পরিবেশ হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ভুয়া কোনও পেজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করতে সবার প্রতি আহ্বান জানায় মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। প্রয়োজনে ভেরিফাইড পেজ (https://web.facebook.com/moebdgov) দেখে নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে ‘মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড’ নামের একটি ভুয়া পেজে থেকে একটি পোস্টে বলা হয়েছে, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত-স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর–শিক্ষা মন্ত্রণালয়।’

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘আমার মা রোজা রাখতেন’—সিভিল জজে সুপারিশপ্রাপ্ত গণি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৭ অক্টোবর পর্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬