বাঘের পায়ের ছাপ © সংগৃহীত
বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে আতলকে গ্রামবাসী। সোমবার (১৯ অক্টোবর) সকালে সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে এবং নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা জনগনকে সচেতন করতে এলাকায় মাইকিং শুরু করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, সকালে সুন্দরবন-সংলগ্ন সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আঃ লতিফ হাওলাদার তার বাড়ীর পেছনে ভোলা নদীর চরে এবং নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আ. লতিফ সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে সোমবার দুপুরে সোনাতলা গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, নদীর চরে অর্ধ কিলোমিটারজুড়ে বাঘ বিচরণ করে সুন্দরবনের দিকে চলে যাওয়া বাঘের পায়ের ছাপ দেখা গেছে। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীদের মাঝে আতংক দেখা দিয়েছে এবং জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানান ভিটিআরটি এ টিম লিডার ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। রাতে ভোলা নদী সাতরে বাঘ লোকালয়ে চলে আসে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং এবং বনরক্ষীসহ ভিটিআরটি সদস্যদের সার্বক্ষনিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে।