ঘটনাস্থলে স্থানীয় লোকজন © টিডিসি
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। চারদিকে পূজার আয়োজন, মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দিনটি আনন্দ, ভক্তি আর প্রার্থনার। সকালে পূজা দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গৃহবধূ প্রিয়াঙ্কা দাশ (৩০)। কিন্তু সেই সকালই হয়ে উঠল তার জীবনের শেষ সকাল। পুকুরে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল পুকুরে, পুকুরে নামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান এই গৃহবধূ। উৎসবের দিনে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রিয়াঙ্কা ওই এলাকার দাস বাড়ির পলাশ দাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে ছিল। অভিযোগ রয়েছে, বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে একাধিকবার জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার সকালে ওই পুকুরে নামতেই বিদ্যুৎস্পৃষ্ট হন প্রিয়াঙ্কা। পুকুর ঘাটেই তার মৃত্যু হয়। ঘটনার পর খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় তিন ঘণ্টা পর পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। উৎসবের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, খবর পেয়ে আমবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহাব সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হবে না বলে জানানো হয়েছে।
তবে বিদ্যুতের ছেঁড়া তার পুকুরে পড়ার বিষয়টি আগে জানানো হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আদনান আহমদ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে তাদের অফিসে কোনো অভিযোগ আসেনি। কয়েকজন গ্রাহক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে ফোন করেছিলেন। বিভিন্ন কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। সোমবার সকালে ফোন করে এক নারীর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর খবর পেয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।