কাশিয়ানী থানা © সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাগান সিকদারের ছেলে বাশার সিকদারের সঙ্গে জমি নিয়ে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে বাশার সিকদার অস্ত্র দিয়ে জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আরও পড়ুন: আগারগাঁওয়েই সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, একজন সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।