মোহাম্মদ রমজান আলী © সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে পোলট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রমজান আলী (২৯) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোলট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর এলাকার মো. মোস্তফার সন্তান। তিনি ওই পোলট্রি ফার্মে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও ফার্মে কাজ করছিলেন রমজান আলী। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। রাত ৯টার দিকে বিষয়টি স্থানীয় বাসিন্দা ও সহকর্মীদের নজরে এলে তাকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরেও পড়ুন: খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদের তালিকায়ও নাম
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট রমজান আলী নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। রোগীর স্বজনেরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পথেও তিনি কথা বলছিলেন। ধারণা করা হচ্ছে পথেই তার মৃত্যু হয়েছে।