রাস্তার জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ © টিডিসি ছবি
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া, বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় রাস্তার জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আবেদনের পর পূর্বে প্রশাসনের নির্দেশে একই স্থানের একটি দেয়াল অপসারণ করা হলেও কয়েক দিন পর আবারও প্রায় একই জায়গায় নতুন করে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ, রাস্তার সীমানা নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে কেন্দুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে সম্মিলিত লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদনে স্থানীয়রা উল্লেখ করেন, সাউদপাড়া ও বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকার জনসাধারণের চলাচলের রাস্তার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছে। সম্প্রতি আবুল আক্কাস মিয়া রাস্তার প্রয়োজনীয় জায়গা না রেখে দেয়াল নির্মাণ শুরু করলে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়। পরে রাস্তার জায়গায় নির্মিত দেয়াল অপসারণের জন্য আবুল আক্কাস মিয়াকে লিখিত নোটিশ দেওয়া হয়। স্থানীয়দের দাবি, নোটিশ পাওয়ার পর তিনি দেয়ালটি ভেঙে ফেলেন এবং দেয়াল অপসারণের ছবি প্রশাসনের কাছে পাঠান।
তবে এলাকাবাসীর অভিযোগ, কিছুদিন পর আবারও একই স্থানে রাস্তার প্রয়োজনীয় জায়গা না রেখে নতুন করে দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এতে ভবিষ্যতে রাস্তা সংকুচিত হয়ে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচলে স্থায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
লিখিত আবেদনে স্থানীয়রা জরুরি ভিত্তিতে পুনরায় সরেজমিনে পরিদর্শন করে রাস্তার প্রকৃত সীমানা ও নির্মাণাধীন দেয়ালের অবস্থান যাচাইয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাস্তার জায়গায় নির্মাণাধীন দেয়ালের কাজ বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা এবং পূর্বের নোটিশের পরও পুনরায় নির্মাণকাজ শুরু করার বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া কেন্দুয়া পৌরসভার অনুমোদিত রাস্তার নকশা ও সীমানা অনুযায়ী রাস্তার জায়গা নির্ধারণ করে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং ভবিষ্যতে একই স্থানে রাস্তার জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের পক্ষ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিকেলে আবেদনটি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত আবুল আক্কাস মাস্টার বলেন, এর আগেও তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তখন প্রশাসনের নির্দেশে আমার নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলতে হয়। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে রাস্তার জন্য সোয়া এক ফুট জায়গা রেখে বর্তমানে পুনরায় দেয়াল নির্মাণের কাজ শুরু করেছি।
কেন্দুয়া পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।