ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু  আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ PM
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু  আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু  আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ জন। তবে এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন।

বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মোট ১০৩ জন। তাদের মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১০ জন শিশু।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাস থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২০ জন।

হাসপাতালের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া আল আমিন (৩৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা নুরুল আমিনের ছেলে। গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ১৭ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের দেওয়া মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গু জ্বরের সঙ্গে তীব্র কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদ্‌রোগ।

অন্যদিকে, মারা যাওয়া কুলসুমার (৫০) বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকায়। তিনি ইসহাক মিয়ার স্ত্রী। গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৮ মিনিটে হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। কুলসুমার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু জ্বরের সঙ্গে তীব্র কিডনি জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। 

ভিকারুননিসায় জিপিএ ৫ কমেছে অর্ধেক, বেড়েছে ফেল—খারাপ ফলের কা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বজ্রপাতে বন্ধ খেলা, জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ 
  • ৩১ অক্টোবর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে ভরাডুবি, ফেল ৭২৪
  • ৩১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডে পাসে শীর্ষে যশোর জেলা, তলানিতে নড়াইল
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপ শুরু কবে, জানা গেল
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পাসের হার ৯৯.৮০%, জিপিএ-৫ কমেছ…
  • ৩১ অক্টোবর ২০২৬