লাঠিখেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে © সংগৃহীত
গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠজুড়ে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।
মরিচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব শামিম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন। এ ছাড়া স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিকেল থেকেই নারী, পুরুষ ও শিশুদের পদচারণে মুখর হয়ে ওঠে স্কুল মাঠের চারপাশ। ঢোলের তালে তালে লাঠিয়ালদের আক্রমণ-পাল্টা আক্রমণ এবং নানা ধরনের শারীরিক কসরত দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ তৈরি করে।
খেলা দেখতে আসা দর্শনার্থীরা বলেন, আধুনিক ডিজিটাল বিনোদনের প্রভাবে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। শেকড়ের সংস্কৃতির সঙ্গে তরুণ প্রজন্মের সেতুবন্ধন তৈরি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের শেকড়সন্ধানী আয়োজন অব্যাহত রাখা হবে।