ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ PM
পুলিশের হাতে আটক সাবেক ছাত্রদল নেতা হেলাল মহালদার ও বিলাল মিয়া

পুলিশের হাতে আটক সাবেক ছাত্রদল নেতা হেলাল মহালদার ও বিলাল মিয়া © টিডিসি ছবি

হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা হেলাল মহালদারসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকসহ জিরা উদ্ধার করেছে পুলিশ।

আটক হেলাল মহালদার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের হাজী খোর্শেদ মিয়ার ছেলে। অপর আটক ব্যক্তি বিলাল মিয়া একই উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারিভাবে নিলামে ক্রয় করা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে সিলেটে নেওয়া হচ্ছিল। পথে বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় পৌঁছালে ট্রাকটি আটকে নিরাপদ পেট্রোল পাম্পের পেছনে নিয়ে রাখা হয়। ওই পেট্রোল পাম্পটি আটক হেলাল মহালদারের বাবার মালিকানাধীন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ট্রাক আটকে রাখার পর জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগীরা। বিষয়টি জানিয়ে পরে বাহুবল মডেল থানায় অভিযোগ করেন জিরার মালিকপক্ষ।

এর পরিপ্রেক্ষিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভুগলী এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭ নম্বরের ট্রাকটি জিরাসহ উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মিরপুর তিতারকোনা এলাকা থেকেও আরও কিছু জিরার বস্তা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬