কনের বয়স ১২ বরের ২৩, বাল্যবিবাহের অভিযোগে ৩ জন আটক

২৯ আগস্ট ২০২৬, ০৬:৩১ PM
অভিযুক্তদের আটক করে নিয়ে যাওয়ার সময়।

অভিযুক্তদের আটক করে নিয়ে যাওয়ার সময়। © টিডিসি ফটো

নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার আয়োজনের অভিযোগে বর, কনেসহ তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক বর আল আমিন (২৩) উপজেলার সমাসপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। কনে জেরিন আক্তারের (১২) বাড়িও একই গ্রামে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। আটক অপর ব্যক্তি একই গ্রামের মাহাতাফ আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে যান। সেখান থেকে বর আল আমিনকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় ২০ থেকে ২৫ জন সরকারি গাড়ি আটকে পুলিশ ও প্রশাসনের কর্মীদের ওপর হামলা করেন এবং বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বর আল আমিন, কনে জেরিন আক্তারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আত্রাই থানার ওসি মো. মাহবুব আলম বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠিয়ে বর ও কনেসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বাল্যবিবাহের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ, রাব্বি, ইউনুস, সজলসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
  • ২৯ আগস্ট ২০২৬
‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে চলতি…
  • ২৯ আগস্ট ২০২৬
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • ২৯ আগস্ট ২০২৬
লাইসেন্স নেই, নেই পর্যাপ্ত চিকিৎসক-নার্স, হাসপাতাল চলে স্যা…
  • ২৯ আগস্ট ২০২৬