দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল © টিডিসি
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক রাতুল (১৮) ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামের বাসিন্দা এবং রাজু (২০) নুরুল্লাগঞ্জ ইউনিয়নের শুকুরহাটি গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে যুবক রাতুল ও রাজু ভাঙ্গা গোলচত্বর এলাকা হয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই যুবক।
আরও পড়ুন: শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুরে আনার সময় পথিমধ্যেই মারা যান যুবক রাতুল ও রাজু।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যাত্রীবাহী বাস এবং বাসের চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।