রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ

২৮ জুলাই ২০২৬, ০৩:১৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৩:২৩ PM
পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলের উদ্ধারে চলছে অভিযান

পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলের উদ্ধারে চলছে অভিযান © টিডিসি

রাজশাহীর পদ্মা নদীতে একটি ডিঙ্গিনৌকা ডুবে বাবা-ছেলেসহ দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সংবাদ লেখা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন শ্যামপুর বালিরঘাট এলাকার বাসিন্দা কাফসার (৬০) ও তার ছেলে জিয়ারুল (৪০)।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা দেড়টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিনভর কাজ শেষে আটজন শ্রমিক একটি ডিঙ্গিনৌকায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতের মুখে ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও কাফসার ও তার ছেলে জিয়ারুল নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। একই সঙ্গে উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন। তবে বিকেল পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি।

নিখোঁজ কাফসারের স্ত্রী জানান, প্রতিদিনের মতোই কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। কিন্তু নদীর মাঝপথে তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এরপর থেকে তার স্বামী ও ছেলে নিখোঁজ রয়েছেন। তিনি দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানান।

এদিকে রাজশাহীতে থেমে থেমে বৃষ্টি হওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রেখেছেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মঞ্জিল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে দুইজন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে ছয় সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬