চলন্ত ট্রেনের নিচে পড়ে যাচ্ছিলেন তরুণী, পথচারীদের সাহসিকতায় রক্ষা পেল প্রাণ

১৮ জুন ২০২৬, ০৯:১৮ PM
প্ল্যাটফর্মে তরুণীকে ধরে রাখছেন পথচারীরা

প্ল্যাটফর্মে তরুণীকে ধরে রাখছেন পথচারীরা © সংগৃহীত

গাইবান্ধা রেলস্টেশনে চলন্ত আন্তঃনগর ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে রেললাইনে পড়ে যান এক তরুণী। ঠিক সেই মুহূর্তে ট্রেন চলতে শুরু করলে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়। তবে উপস্থিত তিন পথচারীর সাহসিকতা, উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপে মৃত্যুর মুখ থেকে রক্ষা পান তিনি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন উদ্ধারকারীরা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের গর্জনের মধ্যেই প্ল্যাটফর্মের কিনারায় ঝুলে থাকা এক তরুণীর দুই হাত শক্ত করে ধরে রেখেছেন তিন ব্যক্তি। একজন তার পিঠে হাত রেখে সাহস জোগাচ্ছেন, আরেকজন বারবার বলছেন, ‘আপা, কোনো সমস্যা নেই, নড়াচড়া কইরেন না।’ অন্য একজন সান্ত্বনা দিয়ে বলছেন, ‘আল্লাহ বাঁচাবেন।’

চারদিকে তখন আতঙ্ক আর উৎকণ্ঠা। চলন্ত ট্রেনের প্রতিটি বগি যেন মৃত্যুর ছায়া হয়ে ছুটে যাচ্ছিল তরুণীর গা ঘেঁষে। উপস্থিত মানুষের বুক কাঁপছিল শঙ্কায়। কেউ নিঃশব্দে প্রার্থনা করছিলেন, কেউ তাকিয়ে ছিলেন নিঃশ্বাস বন্ধ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ জুন) বিকেলে গাইবান্ধা রেলস্টেশনে। একটি আন্তঃনগর ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে রেললাইনে পড়ে যান ওই তরুণী। ঠিক সেই মুহূর্তে ট্রেন চলতে শুরু করায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তবে প্ল্যাটফর্মে থাকা তিন ব্যক্তি মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তার হাত ধরে রাখেন। দীর্ঘ কয়েকটি সেকেন্ড মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ট্রেনটি চলে গেলে অবশেষে তাকে নিরাপদে প্ল্যাটফর্মে তুলে আনা হয়।

ভিডিওতে দেখা যায়, ট্রেনটি সম্পূর্ণ চলে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে একজন বলে ওঠেন, ‘আলহামদুলিল্লাহ।’ এরপর উপস্থিত মানুষের মুখেও ফুটে ওঠে স্বস্তি আর আবেগ।

প্রত্যক্ষদর্শী তাজুল ইসলাম, রানা মিয়া ও লেবু মিয়া জানান, তরুণীটি একটি ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। ট্রেন আসার পর তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। তখন কয়েকজনের তাৎক্ষণিক উদ্যোগেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনাস্থলে উপস্থিত কলেজ শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘প্ল্যাটফর্মে থাকা ওই ব্যক্তিদের সাহসিকতা ও মানবিকতা সত্যিই প্রশংসার দাবিদার। কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো আমরা একটি মর্মান্তিক মৃত্যুর খবর শুনতাম। তাদের কারণে একটি প্রাণ বেঁচে গেছে।’

স্থানীয়দের অনেকেই বলছেন, এটি শুধু একটি উদ্ধার অভিযান নয়, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যখন চারদিকে স্বার্থ আর উদাসীনতার অভিযোগ শোনা যায়, তখন তিন সাধারণ মানুষের অসাধারণ সাহসিকতা প্রমাণ করল—মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সেই তরুণীর গল্প এখন গাইবান্ধাজুড়ে মানবতার এক অনন্য উদাহরণ হয়ে ছড়িয়ে পড়েছে।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950