অটোরিকশার চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

২৪ মে ২০২৬, ০২:৪৬ PM
তুবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে

তুবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে © টিডিসি ফটো

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নে অটোরিকশার চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) উপজেলার আব্দুল সিকদারের ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তুবা ওই গ্রামের বাসিন্দা শেখ মিলনের মেয়ে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল মেঝ সন্তান। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই একটি টিনশেড ঘরে তুবার দাদা সেক আবুল নিয়মিত অটোরিকশা চার্জ দিতেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকাকালে শিশুটি খেলতে খেলতে ওই ঘরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর তুবার চাচাতো বোন, কলেজছাত্রী সুমনা, ঘরের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দ্রুত শিশুটিকে কোলে তুলে নেন এবং চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।

পরে গুরুতর অবস্থায় তুবাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাহামুদ তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসক জানান, শিশুটির পিঠের তিনটি স্থানে পোড়া দাগ পাওয়া গেছে, যা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আলামত।

স্থানীয়দের অভিযোগ, বাড়িতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় অনেকেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন না। খোলা তার ও অসতর্ক সংযোগের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে শিশুদের জন্য এসব বৈদ্যুতিক সংযোগ অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের চার্জারের বিদ্যুৎস্পৃষ্ট হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬