পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

০৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ PM
মরদেহ উদ্ধারের পর নৌকায় তোলা হচ্ছে

মরদেহ উদ্ধারের পর নৌকায় তোলা হচ্ছে © টিডিসি

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর আমিনুল ইসলাম (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আমিনুল ইসলাম বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া গ্রামের আলিমউদ্দীনের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে প্রায় ১১টার দিকে আমিনুল ইসলাম পাঁচজন সহচরকে নিয়ে পদ্মানদীতে মাছ ধরতে যান। তারা নদী সাঁতরে অপর পাড়ে গিয়ে হাত দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তার চাচাতো ভাই সহিদুল ইসলাম স্রোতের টানে ভেসে গেলে অন্যরা দ্রুত উদ্ধার করে। পরে সবাইকে রেখে আমিনুল নিজে সাঁতরে ফেরার সময় আলাইপুর ঘাটের কাছাকাছি অংশে নদীতে তলিয়ে যান।

স্থানীয়রা নৌকা ও জাল ফেলে উদ্ধার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। পরে খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টা অভিযান চালিয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

রাজশাহী ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, তিন সদস্যের দল নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার অভিযান শেষে মরদেহ স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চারঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পাকুড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুর রহমান জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় আমিনুলের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬