বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে: বাকৃবি উপাচার্য 

১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ PM
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দিন দিন সম্প্রসারিত হচ্ছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাতিষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) এবং জাপানি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নেটওয়ার্ক শক্তিশালী হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ আরও সহজ হচ্ছে।’

শনিবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত জাপান এডুকেশন সেমিনার ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘জাপানে মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে বৃত্তিসহ উচ্চশিক্ষা ও গবেষণার বহুমুখী সুযোগ রয়েছে। উন্নত গবেষণা অবকাঠামো, আধুনিক সুযোগ-সুবিধা এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তৃতীয় ভাষা চালুর নীতিমালার আওতায় শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার সুযোগ কাজে লাগাতে হবে। পাশাপাশি জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। এতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণ আরও সহজ হবে।’

জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে যৌথভাবে সেমিনারটির আয়োজন করে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (জুয়াব) ও বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের প্রধান ইউ আওয়াগি। সভাপতিত্ব করেন জুয়াবের সভাপতি অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম। এ ছাড়া উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম জুলফিকার রহমান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম বলেন, ‘জাপানে সরকারি বৃত্তির কোটা কিছুটা কমায় প্রতিযোগিতা বেড়েছে। তবে বেসরকারি বৃত্তি ও গবেষণা তহবিলের সুযোগও বাড়ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতার আওতায় শিক্ষার্থীরা টিউশন ফিতে ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাচ্ছেন।’

আরও দেখুন: যুব উন্নয়নের পরীক্ষা স্থগিতের পর নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

বিশেষ অতিথির বক্তব্যে ইউ আওয়াগি বলেন, ‘দূতাবাসের সুপারিশে বৃত্তির আসনসংখ্যা সাধারণত দশটি বা তার কম হওয়ায় আবেদনকারীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ে বৃত্তি পেতে প্রস্তাবিত গবেষণার সঙ্গে সম্ভাব্য তত্ত্বাবধায়কের গবেষণার সামঞ্জস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি শিক্ষার্থীদের আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, অধ্যাপকের গবেষণার ক্ষেত্র ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানার পরামর্শ দেন। পাশাপাশি ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্স ও উপযুক্ত বিশ্ববিদ্যালয় খুঁজতে নাভি জাপান এর মতো তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভিদ প্রজনন বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমদাদুল হক এবং বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. মাসুদ রানা।

এ সময় জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, মনবুকাগাকুশো (মেক্সট) বৃত্তির আবেদন প্রক্রিয়া, গবেষণা প্রস্তাব প্রস্তুত, তত্ত্বাবধায়ক নির্বাচন ও উচ্চশিক্ষা-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন আলোচকেরা।

চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬