১৯তম বিজিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ২৫০

২৪ জুলাই ২০২৬, ০১:১৭ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০১:২৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (সিভিল জজ) পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd -এ নির্ধারিত BJSC Form-I পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা, যা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

সহকারী জজ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

নিয়োগপ্রাপ্তরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল-২০১৬ অনুযায়ী ৩০ হাজার ৯৫০ টাকা থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা বেতন-স্কেলে চাকরিতে যোগ দেবেন। তবে কমিশন প্রয়োজনে পদের সংখ্যা কমাতে বা বাড়াতে পারবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং উত্তীর্ণ হতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এক হাজার নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় গড়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে প্রার্থী অকৃতকার্য বলে বিবেচিত হবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাতেও ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

কমিশন আবেদনকারীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে, যাতে সার্ভার বা কারিগরি জটিলতা এড়ানো যায়। বিস্তারিত তথ্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়কক…
  • ২৪ জুলাই ২০২৬
ডিআইইউতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
  • ২৪ জুলাই ২০২৬
বিসিকের নতুন চেয়ারম্যান টিটো
  • ২৪ জুলাই ২০২৬
বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার
  • ২৪ জুলাই ২০২৬
১৯তম বিজিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ২৫০
  • ২৪ জুলাই ২০২৬
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন ইবি অধ্যাপক নু…
  • ২৪ জুলাই ২০২৬