ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাবি ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে আগামী ১০ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আর প্রথম বর্ষের ভর্তি শুরু হবে ২৫ অক্টোবর থেকে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় ফল প্রকাশের এ তারিখ নির্ধারণ করা হয়।
এছাড়া সভায় ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর প্রথম বর্ষের ভর্তির সময় নির্ধারণ করা হয় এবং ১ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

