পরীক্ষা পেছানোর দাবি
ছবিতে বামে পরীক্ষার্থী ও ডানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো
২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। সোমবার (২২ মার্চ) আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এসব কথা বলেন মো. আল মুইদ।
তিনি বলেন, গত বছর এই দিনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে এইচএসসি পরীক্ষা স্থগিত করে দেন। ঠিক এক বছর পর একই জায়গায় এসে দেখা যাচ্ছে যে, বর্তমানে করোনার প্রকোপ আরো বেশি। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে এ কোন হতবুদ্ধির পরিচয় দিতে চাচ্ছে? যেখানে বিসিএসের মত পরীক্ষায় কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি সেখানে আমাদের এ কোন আশ্বাস দেখাচ্ছেন তারা? জেনে বুঝে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দিচ্ছেন ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আমরা এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আশা করি, মার্তৃতুল্য প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের কোনো প্রকার ঝুঁকিতে পড়তে দিবেন না।
এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আদালতে রিট করেছেন ভর্তিচ্ছুরা। গতকাল রবিবার হাইকোর্টে শিক্ষার্থীদের পক্ষে রিট পিটিশনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুনতাসির রহামন। রিট পিটিশন নম্বর ৩৬৬৭। আগামী ২৫ মার্চ পিটিশনটি আদালতে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন শিক্ষার্থী খান মো. ইনজামুল আহসান বলেন, ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আমরা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্মারকলিপি দিয়েছি। টিএসসি, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেছি। তবে তাতেও কর্তা ব্যক্তিরা এই বিষয়ে কোনো গুরুত্ব দেননি। সেজন্য আমরা আদালতের দ্বারস্ত হয়েছি।
ইনজামুল আরও বলেন, প্রতিদিনই করোনায় মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। করোনার কথা বিবেচনা করে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে ঈদের পর। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন এত আগে। শিক্ষার্থীদের জীবনের কথা বিবেচনা করে অবিলম্বে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।