শিক্ষার্থী © ফাইল ফটো
২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর কোনো নির্দেশনা পায়নি মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আমরা আগামী ২ এপ্রিল পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিয়ে সামনে এগোচ্ছি। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি জোরেশোরে চলছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব।
তিনি বলেন, আমাদের কাছে পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। আমরা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। বিসিএসের মতো এত বড় একটি পাবলিক পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে মেডিকেলে মাত্র ১ লাখ ২২ হাজার প্রার্থীর পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না। আমরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজনের দিকে অগ্রসর হচ্ছি।
এদিকে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটির সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি কিংবা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বৈঠকের গুঞ্জন উঠেছে।
বৈঠক না হওয়ার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
তিনি বলেন, করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটির সাথে আমাদের কোনো বৈঠক হয়নি। বিষয়টি নিয়ে অনেকেই আমাদের কাছে ফোন করেছেন। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সঙ্গেও পরামর্শক কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি।
ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে আসার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। তাই পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই বললেই চলে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শেষ মুহূর্তে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহবান জানাচ্ছি।