২ এপ্রিল কি মেডিকেল ভর্তি পরীক্ষা হবে?

১২ মার্চ ২০২১, ০৮:৫২ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

গত কয়েকদিন ধরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। ক্রমবর্ধমান হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থায় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগামী ২ এপ্রিল ভর্তি পরীক্ষা হবে নাকি নতুন করে সময় নির্ধারণ করা হবে সেই প্রশ্নের জন্ম হয়েছে।

এ বছর রেকর্ড সংখ্যক প্রার্থী মেডিকেলে ভর্তি আবেদন করেছেন। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার ভেন্যুর সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে। নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অটুট রয়েছে। তবে সংক্রমণের হার যদি উর্ধ্বমুখীই থাকে তাহলে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব বলেন, যথা সময়ে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমরা পরীক্ষা নেয়ার ব্যাপারে আশাবাদী। তবে করোনা পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে সরকারের উচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে করোনার সংক্রমণ উর্ধমুখী থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নেয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১২ মার্চ) শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর মেডিকেল ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি আরও জোরেশোরে উঠেছে।

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে গত প্রায় এক মাস ধরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন করছেন। রোজার ঈদের পর পরীক্ষা নেয়ার দাবিতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চিঠিও দিয়েছেন তারা। বিষয়টি কর্তা ব্যক্তিরা অবহিত হলেও পরীক্ষা পেছানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেননি তারা।

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রতিবছর প্রায় এক সাথে মেডিকেল, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। এতে তারা সব জায়গায় ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পান। তবে এবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক আগে নেয়া হচ্ছে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জুনে শুরু হবে। ফলে এপ্রিলে মেডিকেলে ভর্তি পরীক্ষা নেয়া হলে তারা সব জায়গায় পরীক্ষা দেয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

তারা আরও বলছেন, এবার রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করায় পরীক্ষার দিন শিক্ষার্থী অভিভাবক মিলিয়ে প্রায় ৩/৪ লাখ মানুষের সমাগম হবে। এই বিপুল সংখ্যক মানুষের চলাচলের কারণে অনেকেই সংক্রমিত হবেন। জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে চান না তারা। তাই পরীক্ষা পেছানোর দাবি তাদের।

শিক্ষার্থীদের দাবি সম্পর্কে অবহিত জানিয়ে ডা. আহসান হাবীব আরও বলেন, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চিঠি দিয়েছে। তবে এখনো পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বরং পরীক্ষা যথাসময়ে আয়োজনের বিষয়ে আশাবাদী তারা।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেয়ার কথা রয়েছে।

রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬