পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার্থীরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ © টিডিসি সম্পাদিত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে মূল ফলাফলে অকৃতকার্য হলেও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ এবং পুনর্মূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভর্তির প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসব ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। সে অনুযায়ী ৩১ ডিসেম্বরের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি থেকে।
তিনি বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কম। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ২০২৬ সালে এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নের পর অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি। তাদের জন্য পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এসব প্রক্রিয়ায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করেছে বা পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদেরও নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখের মধ্যে সমন্বয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
তিনি আরও বলেন, আমরা আশা করি, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।