প্রশ্নপত্র ফাঁস
লোগো © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ঘ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা আজ শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাকে ঘিরে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা ও নজরদারির ব্যবস্থা করেছে গোয়েন্দা সংস্থা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বিষয়টি নিশ্চিত করেছেন। বিকাল ৩টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এধরণের ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে দায়িত্ব পালন করবে ভ্রাম্যমান আদালত।
ঢাবি প্রক্টর বলেন, পরীক্ষাটিকে ঘিরে আমরা বিশেষ নজরদারি ও সতর্কতা গ্রহণ করেছি। ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা এ পরীক্ষা সম্পন্ন হবে। প্রশ্নফাঁস ও জালিয়াতির মত ঘটনা ঠেকাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা রাখছেন বিশেষ নজরদারি।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ঢাবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমানিত হয়। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ভর্তি স্বচ্ছতা বজায় রাখতে ওই ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।