সরকারি মাধ্যমিক স্কুল
© সংগৃহীত
একাদশ সংসদ নির্বাচনের তারিখ পুনঃনির্ধারিত হওয়ায় সরকারি মাধ্যমিক স্কুলগুলোর ভর্তি পরীক্ষা ভোটের আগে গ্রহণের চিন্তা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ জন্য অধিদফতরের পক্ষ থেকে মঙ্গলবার ইসিতে চিঠি দেয়া হবে বলে জানা গেছে।
এর আগে ২৩ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। যে কারণে এই পরীক্ষা ভোটের আগে না নিতে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর হওয়ায় ভোটের আগে এ পরীক্ষা আয়োজনের অনুমতি চাইবে অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক অধ্যাপক আবদুল মান্নান।
তিনি বলেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পরীক্ষা আয়োজন করতে আমরা মঙ্গলবার চিঠি দিয়ে অনুমতি দেয়ার সুপারিশ জানাবো। ইসি থেকে যদি অনুমতি দেয়া হয় তবে, আগামী ২৩ ডিসেম্বর প্রথম শ্রেণির লটারি ও ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। অনুমতি পাওয়া না গেলে নির্বাচনের পর জানুয়ারির প্রথম সপ্তাহকে বেছে নেয়া হবে।
উল্লেখ্য, নির্বাচনের পূর্বের তারিখ ২৩ ডিসেম্বরকে সামনে রেখে মাউশি সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষার কার্যক্রম নির্বাচনের পর চূড়ান্ত করা হবে। ফলে তারিখ নির্ধারণ করা যায়নি। এ ছাড়া প্রাথমিক খসড়ায় ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর পরীক্ষা নেয়ার কথা ছিল।