ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দিনের প্রথম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় । পরে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাকি তিন শিফটে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে মোট ছয়টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন মোট চারটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় শিফট বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ০০০০১ থেকেই ০৭১৫৫ পর্যন্ত, তৃতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ০৭১৫৬ থেকে ১৪৩১০ রোলধারী এবং চতুর্থ শিফটে বিকেল ৪ টায় ১৪৩১১ থেকে অবশিষ্ট রোলধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এক হাজার ১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২১ হাজার ২০৮ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়তে হয় ২১ শিক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www. iu ac.bd) ।
এ দিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো ক্যাম্পাস। সব ধরনের জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘নিরাপত্তা বলতে যা বুঝায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুরোপুরি আমরা তা কাজে লাগিয়েছি। এছাড়া সার্বক্ষণিক ভ্রাম্যমান আদালত গোটা ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। যে কোন মুহূর্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।’
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন আগামীকাল সোমবার (৫ নভেম্বর) মোট চার শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।