ফল দেখছেন এইচএসসির পরীক্ষার্থীরা © ফাইল ফটো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৬০ শিক্ষার্থীর এইচএসসির ফল আসেনি। টেস্ট পরীক্ষায় ফেল করা এসব শিক্ষার্থীর অভিযোগ, কলেজের শিক্ষক ও ছাত্রলীগ নেতারা ‘টাকা খেয়ে’ ফরম পূরণ না করায় তারা ফল বঞ্চিত হয়েছেন।
এ ঘটনায় উপজেলার চন্দ্রা তিন রাস্তার মোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের এসব শিক্ষার্থী গত রোববার কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন।
মহামারী করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এইচএসসির পরীক্ষা না নিয়েই পূর্বের ফলের ভিত্তিতে গত শনিবার অটোপাস করিয়ে দেয় সরকার। পরীক্ষার জন্য যারাই ফরম পূরণ করেছেন সবাই এবার পাস করে গেছেন।
কিন্তু বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ফলবঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে ফরম পূরণ করে দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোবারক হোসেন, প্রভাষক আব্দুর রাজ্জাক, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক মামুন হোসেন।
শিক্ষার্থীরা জানান, গত বছর জানুয়ারিতে এইচএসসি পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। এর মধ্যে ৬০ শিক্ষার্থী দুই কিংবা তিন বিষয়ে টেস্ট পরীক্ষায় ফেল করেন। পরে ফরম পূরণ করে দেওয়ার কথা বলে অভিযুক্তরা প্রত্যেকের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নেন।
গত শনিবার এইচএসসির ফল প্রকাশ হলে শিক্ষার্থীরা ফল না পেয়ে কান্নায় ভেঙে পড়ে। অধ্যক্ষের কাছে তারা একটি লিখিত অভিযোগও দায়ের করে।
অভিযুক্ত মোবারক হোসেন জানান, টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের ফরম পূরণে চেষ্টা করা হয়েছে; কিন্তু পারা যায়নি।
ফলবঞ্চিত শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে বলে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মেজবাহ উদ্দিন সরকার জানান। তিনি বলেন, কেউ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে থাকলে লিখিত অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।