১০ সেপ্টেম্বর প্রকাশ করার ঘোষণা থাকলেও এসএসসির খাতা পুর্নঃমূল্যায়নের ফলাফল মিলতে পারে আরও দেরিতে © টিডিসি ফটো
চলতি বছরের এসএসসি ও সমমানের খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন গ্রহণের পর প্রায় ১৩ লাখ খাতা নতুন করে দেখার উদ্যোগ নিয়েছে দেশের ১১টি শিক্ষাবোর্ডে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির গাইডলাইন অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করার কথা রয়েছে। সে অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে বোর্ড পরীক্ষকরা খাতা দেখার কাজ সম্পন্ন করার কথা থাকলেও আরও দুইদিন মেয়াদ বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পূর্ব নির্ধারিত সময়েই ফল প্রকাশ করতেই সময় বাড়ানো হয়েছে বলে বোর্ড সংশ্লিষ্টরা জানান। সংশ্লিষ্টরা বলছেন, এসএসসি ও সমমানের খাতা পুনঃমূল্যায়নের কাজ ৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। তাই সর্বসম্মতিক্রমে আরও দুইদিন মেয়াদ বাড়িয়ে ৭ সেপ্টেম্বরের মধ্যে খাতা দেখার কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তারা আরও জানান, বিগত সময়ের তুলনায় এবারের খাতা পুনঃমূল্যায়নের সংখ্যা বহুগুণ বেশি। তাই কাজের চাপও বেশি। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষকরা কাজ শেষ করতে না পারলে আবারও সময় বাড়ানোর প্রয়োজন হতে পারে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত সময়ে পুনঃমূল্যায়ন ফল প্রকাশটা খুবই চ্যালেঞ্জের।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (৫ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১০ সেপ্টেম্বর এসএসসির খাতা পুনঃমূল্যায়ন ফল প্রকাশের জন্য আমরা কাজ করছি। ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রধান পরীক্ষকরা খাতা দেখার কাজ শেষ করবেন। একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করছি। আশা করছি সময়মতো ফল প্রকাশ করতে পারব।’
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া চলে ১৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের অনেকে একাধিক খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ আবেদন করেছেন। এতে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
খাতা পুনঃমূল্যায়নের কাজ গত ২২ আগস্ট থেকে শুরু হলেও কোনো কোনো শিক্ষা বোর্ড ২৯ আগস্ট থেকে শুরু হয়েছে বলে জানা গেছে।
কোন শিক্ষাবোর্ডে কত খাতা চ্যালেঞ্জ বা পুনঃমূল্যায়ন
ঢাকা শিক্ষাবোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি; ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ৭১ হাজার ৬৬টি; চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি; রাজশাহী শিক্ষাবোর্ডে রিটেনের জন্য আবেদন পড়েছে মোট ৯৮ হাজার ১৭০টি, ব্যবহারিকে ২৪ হাজার ৫৮টি; যশোর শিক্ষাবোর্ডে মোট ৭৪ হাজার ৭১৭টি; বরিশাল শিক্ষাবোর্ডে ৫০ হাজার ১৫৩টি; সিলেট শিক্ষাবোর্ডে রিটেনে মোট ৫০ হাজার ৭১০টি, আর ব্যাবহারিকে ১০ হাজার ২৬৪টি; দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট ৮৯ হাজার ২৮৬টি খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন পড়েছে।
এ ছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসির পুনঃমূল্যায়ন খাতার সঠিক সংখ্যাটা জানা যায়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন পড়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তি
২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ২ সেপ্টেম্বর (বুধবার) থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত। আবেদন ফি ২২০ টাকা। সব কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।