নেতানিয়াহুর নির্বাচনী সাফল্যের ক্রেডিট নিলেন ট্রাম্প

২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ PM
বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার ক্রেডিট নিজের বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে সমর্থন জানানোর পর নির্বাচনী পরিস্থিতির মোড় ঘুরে গেছে বলছেন তিনি। এদিকে ভোট গণনায় এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহুর জোট। একইভাবে বিরোধী জোটও এককভাবে সরকার গঠনের অবস্থানে নেই। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নেতানিয়াহুর নির্বাচনী অবস্থান নিয়ে মন্তব্য করেন। তিনি লিখেছেন, ‘নেতানিয়াহুকে তার সমর্থন জানানোর পর পরিস্থিতি বদলে গেছে। আগে যেখানে নেতানিয়াহুর পরাজয়ের আশঙ্কা করা হচ্ছিল, সেখানে এখন তিনি সমতায় ফিরেছেন, এমনকি বড় ব্যবধানে জয়ও পেতে পারেন।’

এর আগে টেক্সাসে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার পর গনমাধ্যমকে ট্রাম্প বলেছেন, ‘বুথফেরত জরিপে নেতানিয়াহু ভালো করছেন বলে তিনি শুনেছেন।’ তার মতে, নেতানিয়াহুকে সমর্থন জানানোর সিদ্ধান্ত তাকে নির্বাচনে সহায়তা করেছে। তবে নির্বাচনের ফল নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার সরাসরি কথা হয়েছে কি না, জানতে চাইলে ট্রাম্প জানিয়েছেন, ‘তাদের মধ্যে কথা হয়নি।’

নির্বাচনের আগে নেতানিয়াহুকে সমর্থন
গত ১৮ অক্টোবর, ইসরায়েলের নির্বাচনের নয় দিন আগে, নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন জানান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া ওই বার্তায় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি ‘সম্পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ প্রকাশ করেন। ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের বলেছিলেন, ‘নেতানিয়াহু ছাড়া ইসরায়েলের অন্য কোনো নেতা ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ধরনের অংশীদারত্ব গড়ে তুলতে পারবেন না’ এর আগে অবশ্য ইসরায়েলের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনাও করেননি বলে জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু পরে তাঁর সমর্থন ঘোষণাকে নির্বাচনী প্রচারে কাজে লাগান নেতানিয়াহু। প্রচারসামগ্রীতে ট্রাম্পের প্রশংসাবাক্য তুলে ধরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি।

ইরান ও আব্রাহাম চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে তার আরও কাজ বাকি রয়েছে বলেও প্রচারে উল্লেখ করেন নেতানিয়াহু। নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেছেন, ‘ইরান নিয়ে দুই নেতার একসঙ্গে কাজ শেষ করা বাকি আছে এবং অন্য কেউ তা করতে পারবেন না।’

ভোট গণনায় এগিয়ে নেতানিয়াহুর জোট
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশিত নির্বাচনের আংশিক ফল অনুযায়ী, ভোট গণনায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে। বিরোধী শিবিরও প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। ফলে পরবর্তী সরকার গঠনে ছোট দলগুলোর অবস্থান এবং সম্ভাব্য জোট-সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য কোনো জোটকে অন্তত ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে হয়। নির্বাচনের আংশিক ফলে কোনো পক্ষই সেই সীমায় পৌঁছাতে না পারায় সরকার গঠনের পরিস্থিতি অনিশ্চিত রয়েছে। ভোট গণনার অগ্রগতির সঙ্গে আসন সংখ্যায় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সেনাসদস্যদের ভোট এবং দ্বৈত খামে জমা দেওয়া ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফল সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।

সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা
আংশিক ফলে আরব দলগুলোর আসনসংখ্যা সরকার গঠনের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে অন্য দলগুলোর সমর্থন বা সহযোগিতা প্রয়োজন হতে পারে। একইভাবে বিরোধী জোটও সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে সমঝোতার চেষ্টা করতে পারে। তবে আরব দলগুলো কোন পক্ষকে সমর্থন দেবে, কিংবা তারা সরাসরি সরকার গঠনের প্রক্রিয়ায় অংশ নেবে কি না—তা নির্ভর করবে নির্বাচনের চূড়ান্ত ফল এবং পরবর্তী রাজনৈতিক আলোচনার ওপর।

ফলে নেতানিয়াহুর নির্বাচনী অবস্থান নিয়ে ট্রাম্পের আত্মবিশ্বাসী মন্তব্যের পরও ইসরায়েলে নতুন সরকার গঠনের পথ এখনো নিশ্চিত নয়। ভোট গণনা শেষ হওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত নেতানিয়াহু শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কি না, তা স্পষ্ট হবে না।

১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে: আম্ম…
  • ২৮ অক্টোবর ২০২৬
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বি…
  • ২৮ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
  • ২৮ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক জেরে আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্…
  • ২৮ অক্টোবর ২০২৬
ধার-দেনা করে যেতেন দলের মিছিলে-জুলাই আন্দোলনে, ফেরারি শাকিল…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রোডাক্ট সেফটি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬