দুই বিমানের সংঘর্ষ © সংগৃহীত
ফিলিপাইনের বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ প্লেনের মধ্যে আকাশে সংঘর্ষের ঘটনায় চার পাইলট নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশের লিপা শহরে ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, নিচু দিয়ে উড়ার সময় প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। পরে সেগুলো ভেঙে পড়ে। এর মধ্যে একটি প্লেন সামরিক সদস্যদের ব্যারাকের কাছে বিধ্বস্ত হয়। তবে মাটিতে থাকা কেউ হতাহত হননি।
তারা আরও জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একই মডেলের অন্য প্লেনগুলোর উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, ইতালিতে তৈরি এসএফ-২৬০ মডেলের প্লেন দুটি প্রশিক্ষণে ব্যবহৃত হতো। পর্যাপ্ত অর্থের অভাবে ফিলিপাইনের সামরিক বাহিনীর আধুনিকায়ন দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে দেশটিকে অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলার পাশাপাশি দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ভূখণ্ডগত বিরোধ সামলাতে হচ্ছে।