অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

১৩ আগস্ট ২০২৬, ১১:২৬ AM
 অস্ট্রেলিয়ায় কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম

অস্ট্রেলিয়ায় কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম © সংগৃহীত

বিশ্বে প্রথম দেশ হিসেবে আইন করে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। আইন পাস হওয়ার পর ৭ লাখ ৫৬ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে মেটা এ তথ্য জানিয়েছে। আইন পাস হওয়ার পর গত জুন পর্যন্ত এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। 

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ঠিক আগে থেকে জুন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার সন্দেহজনক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার সন্দেহজনক ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল।

তারা আরও জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার আইন মেনে চলতে চায়। তবে মেটাসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান শুরু থেকেই এই আইনের বিরোধিতা করে আসছে।

এদিকে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এমন কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে, যেগুলোর মধ্যে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মও রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, এসব প্রতিষ্ঠান আইন মেনে চলার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

মেটা ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম এখনো একই সময়ের হিসাব প্রকাশ করেনি। তবে অস্ট্রেলিয়া সরকারের পরিসংখ্যান ও একাধিক স্বাধীন গবেষণায় দেখা গেছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সীদের প্রতি ১০ জনের মধ্যে আটজনের বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছিল।

শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ থেকে অস্ট্রেলিয়া সরকার এই আইন প্রস্তাব করেছিল। গত ১০ ডিসেম্বর থেকে আইনটি কার্যকর হয়।

বিশ্বের আরও কয়েকটি দেশ একই ধরনের বয়সভিত্তিক নিষেধাজ্ঞা চালুর কথা বিবেচনা করছে। এর মধ্যে অস্ট্রেলিয়া অভিযোগ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে এমন ব্যবস্থা নিয়েছে, যাতে নিষেধাজ্ঞাটি কার্যকর করা কঠিন হয়ে পড়ে।

এ কারণে আইন অমান্যের সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার করার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাকে নথিপত্র সংগ্রহের ক্ষেত্রে আরও ক্ষমতা দেওয়ার জন্যও নতুন আইন করা হয়েছে।

শুক্রবার অস্ট্রেলিয়ার সংসদীয় এক তদন্তে পরিবর্তিত আইন নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বক্তব্য দেবেন। এতে মেটা, টিকটক, ইউটিউবের মালিক গুগল এবং স্ন্যাপচ্যাটের প্রতিনিধিরা অংশ নেবেন। নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি কর্মকর্তারাও সেখানে সাক্ষ্য দেবেন।

মেটা এক বিবৃতিতে বলেছে, ‘প্রয়োগের কার্যক্রম চলমান রয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে থাকবে।’

প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘তরুণদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করার অস্ট্রেলিয়া সরকারের লক্ষ্যকে আমরা সমর্থন করি এবং আইন অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করছি।’

২০২৫ সালে অস্ট্রেলিয়ায় বয়স যাচাই প্রযুক্তি নিয়ে একটি পরীক্ষা চালানো হয়েছিল। এতে দেখা যায়, বাজারে থাকা প্রযুক্তিগুলো ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

মেটাসহ বেশির ভাগ বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ছবি বিশ্লেষণের মাধ্যমে বয়স অনুমানের প্রযুক্তি চালু করেছে। তবে এসব প্রতিষ্ঠান জানিয়েছে, সাধারণত তারা প্রথমে ব্যবহারকারীর বয়স অনুমানের চেষ্টা করে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর অনলাইন কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বয়স সম্পর্কে ধারণা করা হয়।

মেটা জানিয়েছে, ১৬ বছরের কম বয়সী কারও অ্যাকাউন্ট শনাক্ত করতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে। এআই দিয়ে ব্যবহারকারীর প্রোফাইলে এমন কিছু তথ্য খোঁজা হচ্ছে, যা থেকে বোঝা যেতে পারে অ্যাকাউন্টটি ১৬ বছরের কম বয়সী কারও। এর মধ্যে জন্মদিন উদ্‌যাপনের তথ্য বা স্কুলের কোন শ্রেণিতে পড়ছে এমন বিষয়গুলোতে নজর রাখছে ।

এ ছাড়া সন্দেহভাজন কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিয়ে অন্যরা যে প্রতিবেদন বা অভিযোগ করেন, সেগুলোও বিশ্লেষণ করছে মেটা।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কোনো ব্যক্তির অ্যাকাউন্ট কম বয়সী ব্যবহারকারীর কারণে বন্ধ হয়ে গেলে একই ব্যক্তি যাতে আবার নতুন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতে না পারেন, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। আগে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে অ্যাকাউন্ট খোলার সুযোগও এখন সরিয়ে দেওয়া হয়েছে।

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬
হাসান মাহমুদের আগুনঝরা বোলিংয়ে অলআউট অস্ট্রেলিয়া
  • ১৩ আগস্ট ২০২৬
হাসানের ফাইফার, ফিরলেন স্মিথ
  • ১৩ আগস্ট ২০২৬
এক মাস দেরিতে শেষ হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি, ভর্তি পর…
  • ১৩ আগস্ট ২০২৬