ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রী হত্যার ঘটনায় ডেইলি ক্যাম্পাসকে যা বলল যুক্তরাষ্ট্র পুলিশ

২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ AM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৮ AM
নিহত শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি

নিহত শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহত জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হলেও অপর নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির (২৭) সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে এ ঘটনায় লিমনের রুমমেট অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার ফ্ল্যাটে ‘প্রচুর রক্ত’ পাওয়ার পর পুলিশ ধারণা করছে, নাহিদাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর শনিবার (২৬ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে ই-মেইল করা হয় হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়ে। পরবর্তীতে ই-মেইলের জবাবে পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর ব্রিটানি মুলার বলেন, ‘জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মৃত্যুর ঘটনায় হিসাম আবুগারবিয়েহ (২৬)-এর বিরুদ্ধে অতিরিক্তভাবে অস্ত্রসহ (পূর্বপরিকল্পিত) ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ এর দুটি অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, ‘তদন্তে প্রাপ্ত প্রমাণ রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে আরও অভিযোগ যুক্ত হয়েছে। তবে তদন্তের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে আপাতত আমরা মামলার বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করছি না। একই কারণে, প্রকাশিত তথ্যের বাইরে অতিরিক্ত কিছু বলা সম্ভব নয়। এটি এখনও একটি চলমান ফৌজদারি তদন্ত।’

এ ঘটনায় নিখোঁজ নাহিদা বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত ‘১০ টাম্পা বে নিউজ’-এর প্রতিবেদক ক্রিস হার্স্টকে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেন। তাদের পরিবারকে পুলিশ জানিয়েছে, জামিল লিমন ও অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার শেয়ার করা ফ্ল্যাটে ‘প্রচুর পরিমাণ রক্ত’ পাওয়া গেছে। এই রক্তের পরিমাণের ওপর ভিত্তি করে তদন্তকারীরা মনে করছেন নাহিদা বৃষ্টি আর বেঁচে নেই।

জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মৃত্যুর ঘটনায় হিসাম আবুগারবিয়েহ (২৬)-এর বিরুদ্ধে অতিরিক্তভাবে অস্ত্রসহ (পূর্বপরিকল্পিত) ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ এর দুটি অভিযোগ আনা হয়েছে।—ব্রিটানি মুলার, পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর, হিলসবোরো কাউন্টি শেরিফ

জাহিদ হাসান প্রান্ত আরও জানান, পুলিশ তাদের আশঙ্কা প্রকাশ করে বলেছে নাহিদার মরদেহ হয়তো কখনোই উদ্ধার করা সম্ভব হবে না। ধারণা করা হচ্ছে, হত্যার পর তার মরদেহ ছিন্নবিচ্ছিন্ন বা টুকরো টুকরো করা হয়েছে, এটি উদ্ধার করা অত্যন্ত কঠিন।

এর আগে, গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে দীর্ঘ ৮ ঘণ্টা অভিযান চালিয়ে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পর সকাল ৯টা ৯ মিনিটে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় পাইন গ্লেন সার্কেলের ১৪০০০ ব্লকে একটি পৃথক পারিবারিক সহিংসতার ঘটনায় কল পেয়ে সাড়া দিতে গিয়ে তাকে চিহ্নিত করে পুলিশ। 

ঘটনাস্থলে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতরে আটকে ফেলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অমান্য করেন। দীর্ঘ সময় আত্মসমর্পণে অস্বীকৃতি জানানোয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ দল, ক্রাইসিস নেগোশিয়েশন টিম এবং ড্রোন রেসপন্স টিম মোতায়েন করা হয়। অবশেষে সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার আসামি কে এই হিশাম?

গ্রেফতারের পর চিফ ডেপুটি জোসেফ মাউরার এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত হিশামের বিরুদ্ধে ছয়টি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— পারিবারিক সহিংসতা, সাধারণ প্রহার, কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা, কারও মৃত্যু সংবাদ পুলিশকে না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানো বা নাড়াচাড়া করা। 

এ ঘটনায় হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেন, ‘এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এটি পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। অনেকেই নিরাপদ সমাধানের আশা করেছিলেন, কিন্তু মরদেহ উদ্ধারের বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমাদের গোয়েন্দারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সত্য উদঘাটনে এবং দায়ীদের আইনের আওতায় আনতে আমরা সব ধরনের পদক্ষেপ নেব।’

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে জামিল লিমন ও নাহিদা বৃষ্টির পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফ-এর ম্যানেজমেন্ট বিভাগে বিএসসি কোর্সে পড়তেন, তবে বর্তমানে তিনি শিক্ষার্থী নন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি অ্যাপার্টমেন্টে লিমনের সাথে রুমমেট হিসেবে থাকতেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার ঘটনায় সোয়াটের সিনেমা স্টাইল অভিযানে রুমমেটকে গ্রেপ্তার

সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েমের এক বার্তার বরাত দিয়ে কিছু স্থানীয় সূত্রে দাবি করা করেছে, হিশাম সালেহ আবুগারবিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং তিনি একজন মার্কিন নাগরিক। যদিও পারিবারিকভাবে তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত বলে জানা গেছে।

অন্যদিকে, ক্রিস ড্যানিয়েল বলেন, মোয়েজ লিমাইয়েম-এর পক্ষ থেকে এবং আমাদের বিভাগের পক্ষ থেকে শেরিফ চ্যাড ক্রোনিস্টার, শেরিফের কার্যালয় এবং ট্যাম্পা বে অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। নিখোঁজের এই তদন্তে আমাদের সমন্বিত সহযোগিতা ও অবিচল প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী। জামিল ইউএসএফের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী। নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করেন। গত ১৬ এপ্রিল লিমনের টাম্পার বাসা থেকে তাকে সর্বশেষ দেখা যাওয়ার পর থেকেই দুইজন রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘ফাস্ট ডিগ্রি মার্ডার’ হলো সবচেয়ে মারাত্মক অপরাধ। এই আইনে অভিযুক্ত হওয়ার অর্থ হলো অপরাধী অত্যন্ত ঠান্ডা মাথায় এবং আগে থেকে পরিকল্পনা করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ফ্লোরিডার বিচার ব্যবস্থায় এই অপরাধের জন্য কেবল দুটি শাস্তির বিধান রয়েছে। প্রথমটি হলো প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড এবং দ্বিতীয়টি হলো প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি কখনোই কারাগার থেকে মুক্তির আবেদন করতে পারেন না এবং তাকে আমৃত্যু জেলের ভেতরেই থাকতে হয়।

হিশাম আবুগারবিয়ার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে জোড়া খুনের অভিযোগ প্রমাণিত হলে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হবে। এই আইনে অপরাধীর সাজা কমানোর বা কোনো ধরনের ছাড় পাওয়ার সুযোগ নেই বললেই চলে। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং জুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী হিশামের শাস্তি নির্ধারিত হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্বব…
  • ২৯ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্…
  • ২৯ আগস্ট ২০২৬
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্যারোলে বেরিয়ে হলেন সরকারি শিক…
  • ২৯ আগস্ট ২০২৬
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
  • ২৯ আগস্ট ২০২৬
‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৯ আগস্ট ২০২৬