হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন

৩১ মার্চ ২০২৬, ০৭:৩৯ AM
 হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি © সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। সোমবার (৩০ মার্চ ২০২৬) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোকে নির্দিষ্ট ফি বা টোল দিতে হবে, যদিও এর পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)–সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এই পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এছাড়া ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশকেও এই প্রণালি ব্যবহার থেকে নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের সঙ্গে সম্পর্কিত জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি জানায়, নতুন টোল ব্যবস্থা বাস্তবায়নে ওমানের সহযোগিতা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও ঘোষণা দেওয়া হয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে টোল আরোপ বা চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেহরান এই প্রণালিকে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে। এর আগে ইরানের আইনপ্রণেতারা প্রস্তাব করেছিলেন, এই পথ ব্যবহারকারী জাহাজগুলোকে নিরাপদ চলাচলের বিনিময়ে কর বা টোল দিতে হবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬