৫ মাস পর ময়মনসিংহের দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

২৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ AM
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরে কয়লা আমদানি শুরু।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরে কয়লা আমদানি শুরু। © টিডিসি ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে আমদানি কার্যক্রম চালু হয়। এতে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যেও।

বন্দর সূত্রে জানা গেছে, গত ২৭ জুন থেকে বন্দর দুটি দিয়ে কয়লা আমদানি বন্ধ ছিল। ২০২৫-২৬ অর্থবছরে এ দুই স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছিল। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল প্রায় দেড় কোটি টাকা।

দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম শুরু হওয়ায় খুশি স্থানীয় শ্রমিকেরা। শ্রমিক রেফাজ উদ্দিন বলেন, কাজ না থাকায় গত কয়েক মাস তাঁদের কষ্টে দিন কাটাতে হয়েছে। আবার কাজের সুযোগ তৈরি হওয়ায় তিনি স্বস্তি বোধ করছেন।

স্থানীয় ব্যবসায়ী সামসুল আলম সামস জানান, একসময় প্রতিদিন চার থেকে পাঁচ শ গাড়ি কয়লা আসত এ দুই স্থলবন্দর দিয়ে। তবে ২০১৫ সালের পর থেকে কয়লা আমদানি অনিয়মিত হয়ে পড়ে। নিয়মিত আমদানি চালু থাকলে ব্যবসায়ীরা লাভবান হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন তিনি।

স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান জানান, এ দুই বন্দর দিয়ে ২৫ ধরনের পণ্য আমদানির সুযোগ রয়েছে। তবে বর্তমানে শুধু কয়লা আমদানি হচ্ছে। বন্দর নিয়মিত সচল থাকলে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি বন্দরকেন্দ্রিক মানুষের জীবন-জীবিকারও উন্নতি হবে।

কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, আমদানি কার্যক্রম শুরু হলেও ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত মাত্র দুই থেকে তিনজন কয়লা পেয়েছেন। তবে আমদানি শুরুর মধ্য দিয়ে বন্দর এলাকায় শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

ডিসেম্বরেই টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, সব…
  • ২৪ নভেম্বর ২০২৬
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৪ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম সিটি করপোরেশনে চিকিৎসক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৪ নভেম্বর ২০২৬
৫ মাস পর ময়মনসিংহের দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
  • ২৪ নভেম্বর ২০২৬
ইতিহাস গড়ে মেজর লিগের বর্ষসেরা তরুণ বাংলাদশী বংশোদ্ভূত সুলি…
  • ২৪ নভেম্বর ২০২৬
যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬