জেট ফুয়েলের দাম ফের বাড়ল। © সংগৃহীত
দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। নভেম্বর মাসে প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে অভ্যন্তরীণ রুটের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। এর মধ্য দিয়ে টানা তিন মাস বাড়ল উড়োজাহাজের এই জ্বালানির দাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের নতুন মূল্য ঘোষণা করে। এদিন রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, আন্তর্জাতিক রুটে ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার।
এর আগে অক্টোবর মাসে অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছিল। সেপ্টেম্বরে দাম নির্ধারণ করা হয়েছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে প্রতি লিটারে জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
বিইআরসির আদেশে বলা হয়েছে, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেট এ-১ জ্বালানির আন্তর্জাতিক বাজারদর (প্ল্যাটস রেট) এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঋণপত্রের (এলসি) মূল্য পরিশোধে ব্যবহৃত ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে টানা তিন দফায় জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। সর্বশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে দাম ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়।
তার আগে জুন মাসে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। ২৩ মে মধ্যবর্তী মূল্য সমন্বয়ে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়। এরও আগে ৭ মে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল।