অধ্যাপক ড. স্বপন কুমার বালা © টিডিসি ফটো
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার বালা মারা গেছেন। আজ বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত্যুকালে অধ্যাপক ড. স্বপন কুমার বালার বয়স হয়েছিল ৫৬ বছর।
এদিকে, অধ্যাপক ড. স্বপন কুমার বালা-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এক শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. স্বপন কুমার বালা ছিলেন হিসাব বিজ্ঞানের একজন বিজ্ঞ শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
“বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার, ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।”
শোকবাণীতে তিনি আরও বলেন, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এই গুণী অধ্যাপক একাউন্টিং শিক্ষা প্রসার ও গবেষণায় এবং দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।