পেছাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

১৭ এপ্রিল ২০২১, ০৫:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ২১ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে চলমান করোনা ভাইরাসের কারণে সেই পরীক্ষা পেছাতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তথ্যমতে, আগামী ২১ মে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাবিতে ভর্তি যুদ্ধ শুরু হবে। ২২ মে হবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৭ ও ২৮ মে যথাক্রমে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের আর ৫ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাবিতে ভর্তিযুদ্ধ শেষ হবে।

ঢাবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে যে হারে করোনায় মানুষ মারা যাচ্ছে, এই অবস্থা অব্যাহত থাকলে ২১ মে থেকে ভর্তি পরীক্ষা শুরু করা সম্ভব হবে না। কেননা ভর্তিচ্ছুদের পাশাপাশি শিক্ষকদেরও নিরাপত্তার বিষয়টি রয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদের ডিনের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা মহামরীর প্রকোপ কমে না আসলে পরীক্ষা পেছানো হতে পারে। তারা বলছেন, এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিছু নেই। করোনা পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখেই তারা সিদ্ধান্ত নিতে চান। পরিস্থিতি যদি ভালো হয়ে যায় তাহলে যথা সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেয়া হবে বলেও জানান তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার এখনো একমাস বাকি আছে। বিষয়টি নিয়ে এখনো ডিনস কমিটিতে আলোচনা হয়নি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তাহলে পরীক্ষা পেছাতে পারে। তবে আমরা পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করে রাখছি।

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার যেহেতু একমাস বাকি আছে, সেহেতু আমরা এখনই বিষয়টি নিয়ে ভাবছি না। তবে করোনা পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে একাডেমিক কাউন্সিল বিষয়টি নিয়ে ভাববে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা হবে না।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পেছাবে কি পেছাবে না সে বিষয়ে আগাম কিছু বলাটা ঠিক হবে না। আমরা সবকিছুই বিজ্ঞানসম্মত উপায়ে করে থাকি। ফলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখে একটি বিজ্ঞানসম্মত সমাধান করা যাবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল ঢাবিতে ভর্তি আবদেন শেষ হয়েছে। এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২৩ হাজার ৮০৬ জন ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৯৬২ট জন, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৭৫৬ জন, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ২১ হাজার ৫৩৭ জন এবং ‘চ’ ইউনিটে ২২ হাজার ৬৫১ জন আবেদন করেছেন।

পরীক্ষায় নম্বর বন্টন যেভাবে: ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা। ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

আসন সংখ্যা: ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান নামে নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। এতে আসন সংখ্যা ১৫টি। ফলে এবার মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৩৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৮১০টি, খ-ইউনিটে ২৩৭৮টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৬০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬