রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের মেয়াদ শেষ হয়েছে। আগামী সোমবার (২২ মার্চ) রাতে প্রকাশিত হবে রাবিতে ভর্তিচ্ছু চূড়ান্ত শিক্ষার্থীদের নামের তালিকা।
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১২ টা পর্যন্ত মোট তিনটি ইউনিটে আবেদন পড়েছে ৩ লাখ ৪ হাজার ৯'শ ৯১ টি। তবে বিভাগ পরিবর্তনের জন্য একই শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে আবেদন করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৬ টি।
শুক্রবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম জানান, ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের মেয়াদ গতকাল রাত বারোটা থেকে শেষ হয়েছে। এবছর রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট তিন ইউনিটে প্রাথমিক আবেদন করেছে ৩ লাখ ৪ হাজার ৯'শ ৯১ জন। ভর্তিচ্ছু একই শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে আবেদন করায় মোট আবেদন সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৬ টি।
কোন ইউনিটে কত জন আবেদন করেছে জানতে চাইলে তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে ১ লাখ ১৬ হাজার ২১৮টি। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করেছে ৫৭ হাজার ১৭০টি, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০ হাজার ২৭৪টি এবং মানবিক বিভাগ থেকে ৪৮ হাজার ৮০২টি।
‘বি’ ইউনিটে আবেদন করেছে ৬৮ হাজার ৬১৮টি। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৭টি, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ হাজার ১৯৩টি এবং মানবিক থেকে ১৮ হাজার ৪১৮টি।
‘সি’ ইউনিটে আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ১৫৫টি। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ৩ হাজার ৬৯৩টি, মানবিক বিভাগ থেকে ১৩ হাজার ২৬৬টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ হাজার ১৯৬টি।
প্রসঙ্গত, আগামী ২৩ মার্চ দুপুর ১২ টায় চূড়ান্ত আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক চূড়ান্তভাবে নির্ধারণকৃত ইউনিট প্রতি ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। তালিকায় উল্লেখিত শিক্ষার্থীরাই কেবল অনলাইনে ১১'শ টাকা পরিশোধের মাধ্যমে চূড়ান্ত আবেদন করতে পারবে।
তাছাড়া তিন শিফটে অনুষ্ঠিতব্য ৮০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নের পূর্ণমান হবে ১০০। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ নম্বর। যেখানে ৫ টা ভুল উত্তরের জন্য কাটা যাবে ১ নম্বর এবং নূন্যতম পাশ নম্বর হবে ৪০।