© টিডিসি ফটো
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের মামলায় রিমান্ডে থাকা অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারি রেজিস্ট্রার শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার শারমিন জাহানের শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকুরী শৃঙ্খলা পরিপন্থী। অধিকন্তু বিএসএমএমইউ নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশ রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এমতাবস্থায় তাকে আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন শারমিন। তবে ২০১৬ সাল থেকে শিক্ষা ছুটিতে আছেন তিনি। করোনা মহামারীর কারণে চীন থেকে দেশে ফিরে পরিচালনা করছিলেন মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল।
বিএসএমএমইউ হাসপাতালে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে গত শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে শারমিনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। মামলায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, এ মাস্কের কারণে কোভিড-১৯ সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এদিকে, শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শারমিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ছাত্রজীবনে শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন। আওয়ামী লীগের গত কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছিলেন। এর আগের কমিটিতে একই উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন তিনি।