ঢাবি সাদা দলের মানববন্ধনে শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফা, চাইলেন সন্ত্রাসে জড়িতদের বিচার

১৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ PM
ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিক্ষক নেটওয়ার্কের অধ্যাপক সামিনা লুৎফা

ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিক্ষক নেটওয়ার্কের অধ্যাপক সামিনা লুৎফা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক নেটওয়ার্কের নেত্রী সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা। এ সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। 

বিচারপ্রক্রিয়ায় আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সামিনা লুৎফা বলেন, ‘আমরা যে দেশ চেয়েছিলাম, সেই প্রত্যাশা থেকেই ২৪ জুলাই রাস্তায় নেমে এসেছিলাম। আমরা এমন একটি দেশ চেয়েছিলাম, যে দেশ আইনের শাসনে পরিচালিত হবে; যেখানে মানুষের মানবিক অধিকার, বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার এবং প্রতিবাদ করার অধিকার নিশ্চিত থাকবে। সহিষ্ণুতার মধ্য দিয়ে মানবাধিকার নিশ্চিত করে আমরা জুলাইয়ের হত্যাকাণ্ড এবং আহত ব্যক্তিদের দুর্বিষহ জীবনের দিকে ঠেলে দেওয়ার ঘটনায় জড়িত সংগঠনটির প্রত্যেকের ফৌজদারি অপরাধের বিচার চাই।’

তিনি বলেন, ‘বিচার অবশ্যই আইনের শাসনের মধ্য দিয়ে হতে হবে। বিষয়টি আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমরা শিক্ষক, তাই সব সময় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ঘৃণা নয়, প্রতিশোধ নয়; বরং ন্যায়বিচারের পক্ষে আমাদের অবস্থান থাকতে হবে। ন্যায়বিচারের পক্ষে ছিলাম বলেই আমরা ২৪-এর আন্দোলনে রাজপথে নেমেছিলাম।’

সামিনা লুৎফা বলেন, ‘কোনো ধরনের সন্ত্রাসী আচরণকে যেন কোনোভাবেই সুযোগ দেওয়া না হয়। তবে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের নামে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যা মানবাধিকারের স্বীকৃত সীমা অতিক্রম করে। এই বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের যথাযথভাবে বিচারের আওতায় আনবে বলে আমরা আশা করি।’

আরও খবর: নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন

দেশের বাইরেও এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসকে আইনানুগভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে যেসব দেশে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলা হয়েছে, সেসব দেশের প্রচলিত আইন অনুযায়ী হামলাকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার যত চেষ্টাই হোক না কেন, আমরা যেন ধৈর্য, ন্যায়বিচার ও মানবাধিকারের ধারণাকে সামনে রেখে সন্ত্রাসী আচরণগুলো মোকাবিলা করতে পারি। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে পারি।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের একাধিক ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের দল সাদা দল। কর্মসূচিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে র‌্যালি ১ ডিসেম্বর
  • ১৭ নভেম্বর ২০২৬
ঢাবি সাদা দলের মানববন্ধনে শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফা, …
  • ১৭ নভেম্বর ২০২৬
পটুয়াখালী জেলা যুবদলের কমিটি ঘোষণা: সভাপতি মোস্তাফিজুর রহমা…
  • ১৭ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিএন…
  • ১৭ নভেম্বর ২০২৬
রাকসুর দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান আম্মারসহ রাবি শিক্ষার্…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে
  • ১৭ নভেম্বর ২০২৬