নাঈমুর রহমান পরাগ © ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী নাঈমুর রহমান পরাগ মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ফাঙ্গাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে প্রায় ২৫ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
পরাগ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ২০১৮-১৯ সেশনের (এফবিএস) ২৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৮ নম্বর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন নাহার ও বগাদী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সোবহানের বড় ছেলে।
আরও পড়ুন: আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মাসুদ বায়েজিদ
এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুদ বায়েজিদ। চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে এবার আরেক শিক্ষার্থী পরাগ চলে গেলেন।
পরাগের সহপাঠীদের সূত্রে জানা যায়, পরাগ ফাঙ্গাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছিলেন। এটি মস্তিষ্কের একটি বিরল ধরনের সংক্রমণ। প্রায় ২৫ দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।
পরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এমআইএস বিভাগের ১৪তম ব্যাচের সহপাঠীরা। এক শোকবার্তায় তারা জানান, পরাগ সৎ, দানশীল ও সদাহাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
পরাগের জানাজা সোমবার বাদ এশা শরীয়তপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
এদিকে পরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, নাঈমুর রহমান পরাগের ইন্তেকালে ডাকসু গভীর শোক প্রকাশ করছে। তার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে, যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর সব গুনাহ ক্ষমা করে দেন। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।