ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট

জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা

১৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ PM
জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডল

জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডল © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ‘স্পর্শকাতর’ স্ট্যাটাস ও মিম প্রকাশের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে দুই হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ক্ষেত্রে তাঁকে সতর্ক করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার ৩২ নম্বর আলোচ্যসূচির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ৩(৩)(ক) ও (খ) ধারা অনুযায়ী তাঁকে দুই হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধন কুমার মণ্ডল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।

এর আগে, ২০২৫ সালের ১০ ডিসেম্বর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে—এমন পোস্ট ও মিম প্রকাশের অভিযোগ ওঠে। এ ঘটনায় ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ।

অভিযোগপত্রে বলা হয়, বেগম রোকেয়ার নারী জাগরণ নিয়ে দেওয়া এক মন্তব্যে বন্ধন দাবি করেন, ‘বেগম রোকেয়ার নারী জাগরণের কারণে মুসলিমরা সাত বছরের নারীকে বিয়ে করতে পারছে না।’ অভিযোগকারীরা মন্তব্যটিকে বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী এবং ধর্মীয় ব্যক্তিত্বকে অবমাননাকরভাবে উপস্থাপনের শামিল বলে দাবি করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, তাঁর প্রকাশিত একটি মিমে ধর্মীয় পোশাক পরিহিত একজন ব্যক্তিকে পদদলিত অবস্থায় দেখানো হয়েছে। এতে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং ক্যাম্পাসে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন আবেদনকারীরা। তাঁরা ঘটনাটি তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেটের বিশেষ সভায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল
  • ১৩ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টা…
  • ১৩ অক্টোবর ২০২৬
সরকারি শাহ সুলতান কলেজে নতুন করে ৪ বিষয়ে মাস্টার্স চালুর অন…
  • ১৩ অক্টোবর ২০২৬
শ্রীলংকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় রানার-আপ গাকৃবি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বগুড়া আর্মি মেডিকেল কলেজে…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘আল্লাহ আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ করাইছে জনাব তারেক রহমান…
  • ১৩ অক্টোবর ২০২৬