জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলামের ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া তার পরীক্ষা-সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিভাগে তালা খুলে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, তদন্ত কমিটির একজন সদস্যকে নিয়ে শিক্ষার্থীদের আপত্তির বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এ কারণে কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন করে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর (তমাল) কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি বিভাগে কী ঘটেছে, তা খতিয়ে দেখে প্রতিবেদন দেবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের বিভাগের তালা খুলে ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়গুলো তদন্ত করা হবে। তবে তাদের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে হবে। বিভাগের শিক্ষকেরাই শিক্ষার্থীদের একাডেমিক জীবনের অভিভাবক। তদন্তের মাধ্যমে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদের বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে। এ ধরনের সমস্যা দেখা দিলে সংকট আরও গভীর হওয়ার আগেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ সরাসরি প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
মোহাইমিনুল ইসলামের নিখোঁজ হওয়ার বিষয়ে প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য নেই জানিয়ে উপাচার্য বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিস্তারিত জানাতে পারবে।
একাডেমিক অনিয়মের অভিযোগের বিষয়ে উপাচার্য বলেন, অতীতে এ ধরনের যেসব অভিযোগের নিষ্পত্তি অসম্পূর্ণ রয়েছে, সেগুলোও সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে মোহাইমিনুলের সন্ধান পাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান উপাচার্য। শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে বলেও জানান তিনি।