উপাচার্যের সঙ্গে সাক্ষাতে রোকেয়া হল সংসদের নেতৃরা © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীদের আবাসন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ২৯ দফা দাবি উত্থাপন করেছে রোকেয়া হল সংসদ। বৃহস্পতিবার (২ জুলাই) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে হল সংসদের নেতৃরা এসব দাবি তুলে ধরেন। এ সময় দাবিগুলোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রোকেয়া হল সংসদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এসব বিষয়ে তারা কাজ করে আসলেও বাজেট সংকট, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ছুটি এবং নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের কারণে দৃশ্যমান অগ্রগতি সম্ভব হয়নি। তাই বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি উপস্থাপন করা হয়েছে।
হল সংসদের দাবি, শিক্ষার্থীদের জন্য ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত ও ভর্তুকিযুক্ত খাবার নিশ্চিত করা, ক্যান্টিনের ডিপ ক্লিনিং ও সংস্কার, জরুরি ভিত্তিতে অন্তত ১৫০টি নতুন সিলিং ফ্যান স্থাপন, বন্ধ থাকা শাপলা ক্যান্টিন, দর্জি ও লন্ড্রি সেবা চালু, প্রয়োজনীয়সংখ্যক স্টাফ নিয়োগ এবং নতুন আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এছাড়া অপরাজিতা ভবনের সংস্কার, চিকিৎসক ও ফার্মেসির ব্যবস্থা, নিরাপদ পানির সরবরাহ, রেফ্রিজারেটর স্থাপন, বাজেট বৃদ্ধি, হল সংসদের কার্যক্রমে বরাদ্দ, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, আধুনিক জিমনেসিয়াম, আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস নিশ্চিতকরণ, আবাসিক হলের প্রবেশ-প্রস্থানে যৌক্তিক নীতিমালা প্রণয়ন, প্রাক্তন ও অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ, লাইব্রেরির আধুনিকায়ন, লিফট চালু এবং গান-নৃত্যচর্চার কক্ষ ব্যবহারোপযোগী করার দাবিও জানানো হয়।
সাক্ষাৎ শেষে উপাচার্য হল সংসদের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, উত্থাপিত দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।