জাবি ছাত্রী ধর্ষণচেষ্টা: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে জাকসু

১৮ মে ২০২৬, ০৬:২৫ PM , আপডেট: ১৮ মে ২০২৬, ০৬:২৫ PM
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে জাকসু

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে জাকসু © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার আসামিকে গ্রেফতারে অগ্রগতি না থাকায় তীব্র প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এ সময় শিক্ষার্থীরা দ্রুত আসামি গ্রেফতার, বিচার নিশ্চিতকরণ এবং ক্যাম্পাস নিরাপত্তা জোরদারের দাবি জানান।

সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক–এ গিয়ে অবস্থান নেন এবং প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ

বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, ঘটনার শুরু থেকেই তারা ভুক্তভোগীর পাশে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ ও প্রশাসনের ওপর চাপ অব্যাহত রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত আসামি গ্রেফতারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, পুলিশ, র‍্যাব ও ডিবিসহ একাধিক সংস্থা অভিযুক্তকে শনাক্তে কাজ করলেও কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। যত চাপই দেওয়া হোক, এখনো গ্রেফতার না হওয়া উদ্বেগজনক। প্রশাসনিক গাফিলতি থাকলে তার দায় এড়ানো যাবে না,—বলেন তিনি।

জিএস আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও তীব্র করা হবে এবং শিক্ষার্থীদের স্বার্থে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

অন্যদিকে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ১২ মে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার প্রায় ১০০ ঘণ্টা পার হলেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর অগ্রগতি দেখা যায়নি। এতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার উদ্বিগ্ন ও লজ্জিত।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিবেচনা করা হলেও এই ঘটনার পর সেই ধারণা প্রশ্নবিদ্ধ হয়েছে। দ্রুত আসামি গ্রেফতার ও বিচারের আওতায় না আনলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সীমানা নির্ধারণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে জাকসুর বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬