অনলাইনে হচ্ছে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

০৩ নভেম্বর ২০২০, ০৫:৪৩ PM

© প্রতীকি ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবার অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে জোরেশোরে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা হওয়ার সম্ভাবনা নেই। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূরের উদ্ভাবিত ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ সফটওয়্যার ব্যবহার করে যে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছিল তার বিপক্ষে মত দিয়েছে বিশেষজ্ঞ কমিটি।

তাঁরা বলছেন, এই সফটওয়্যার দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো বড় পরীক্ষা নেওয়ার মতো এখনো সক্ষমতা হয়নি। ফলে আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষা হচ্ছে না।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ মত দেন তাঁরা। তারা বলেন, সফটওয়্যার দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার মতো সক্ষমতা দেশে এখনো তৈরি হয়নি। এই সফটওয়্যার দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। নেটওয়ার্ক এবং টেকনিক্যাল সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থীর মূল্যায়ন সঠিক নাও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের কোন দেশে একটি মাত্র সফটওয়্যার দিয়ে বড় পরিসরে পরীক্ষা গ্রহণ করা হয় না। সফটওয়্যার দিয়ে যদি ভর্তি পরীক্ষা নিতে হয় সেক্ষেত্রে ইউজিসিকে একটি নীতিমালা প্রণয়ণ করে দিতে কমিটি সুপারিশ করে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহের সভাপতিত্বে ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এসব মতামত তাঁরা তুলে ধরেন।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর তাঁর উদ্ভাবিত ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ সফট্ওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এই সফটওয়্যারটি মূলত বিশ্ববিদ্যালয়সমূহের অভ্যন্তরীণ পরীক্ষার মূল্যায়নের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি বর্তমান অবস্থায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী নয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এবং কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া, সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মোস্তফা আকবর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর মোস্তফা আজাদ কামাল, এডুকেন ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক সোহেল নাদিম রহমান শুভ, এটুআই এর টেকনোলজি এক্সপার্ট মো. ফজলে মুনীম, ওরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শামীম হোসেন, ডিএসআই এর টেকনিক্যাল ডিরেক্টর মুশরাফুল হক অনিক এবং হেড অব প্রোডাক্ট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট মইনুল ইসলাম অংশগ্রহণ করেন।

বিশেষজ্ঞগণ বলেন, শিক্ষার্থীদের বর্তমান অনলাইন কোর্সের পরীক্ষার মূল্যায়নে যে পদ্ধতিতে অনুসরণ করা হয় তার চেয়ে ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ সফটওয়্যার অনেক বেশি ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। তাঁদের মতে, এই সফটওয়্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিসহ সকল বিশ্ববিদ্যালয়ে ছোট্ট পরিসরে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নে ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞ কমিটি ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ সফটওয়্যারের অধিকতর উন্নয়ন করা প্রয়োজন বলে মনে করেন।

তথ্যমতে, গত ১৭ অক্টোবর পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা করেছিলেন উপাচার্যরা। এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের নেতৃত্বে তৈরি করা সফটওয়্যারকে কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এখন আর সেটি হচ্ছে না।

সরকারের ই-বুকে পে স্কেলের সুখবর
  • ১৭ আগস্ট ২০২৬
‘আবার ছাত্রদলকে মোকাবেলা করতে হবে’—৫ আগস্ট রাতে সোচ্চার হওয়…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি
  • ১৭ আগস্ট ২০২৬
পবিপ্রবিতে সাড়ে ১৯ কোটি টাকার ছয় স্থাপনার উদ্বোধন
  • ১৭ আগস্ট ২০২৬
শিল্পী আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ দিল রবী…
  • ১৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage