সকালে কিছু অভ্যাসে কমতে পারে পেটের অতিরিক্ত মেদ © সংগৃহীত
পেটের চারপাশে জমে থাকা অতিরিক্ত মেদ কমানো অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি প্রতিদিনের খাদ্যাভ্যাস ও সকালের কিছু অভ্যাসেও আনতে হবে পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে উঠে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর নাশতা খাওয়া এবং আগেভাগে খাবারের পরিকল্পনা করার মতো সহজ অভ্যাস ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এতে ক্ষুধা নিয়ন্ত্রণের পাশাপাশি সারাদিনের খাদ্যাভ্যাসও রাখা সম্ভব নিয়মের মধ্যে। ভারতীয় পুষ্টিবিদ গরিমা গোয়েল পেটের মেদ ও ওজন নিয়ন্ত্রণে সকালের তিনটি অভ্যাসের কথা তুলে ধরেছেন।
১. দিন শুরু হোক এক গ্লাস পানি দিয়ে
সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করার অভ্যাস শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে। রাতে দীর্ঘ সময় পানি পান না করায় ঘুম থেকে ওঠার পর শরীরের পানির প্রয়োজন হয়। এ ছাড়া কিছু গবেষণায় দেখা গেছে, পানি পান করার পর সাময়িকভাবে শরীরের বিপাকীয় হার বাড়তে পারে।
জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত একটি পর্যালোচনায় পানি পান ও বিপাকীয় হারের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, পানি পান করার পর কিছু ক্ষেত্রে বিপাকীয় হার সাময়িকভাবে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, সকাল পানিতে সামান্য লেবুর রস মেশানো যেতে পারে। লেবুতে থাকা উপাদান হজমপ্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে শুধু গরম পানি বা লেবুপানি পান করলেই পেটের মেদ কমে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
২. সকালের নাশতা বাদ দেবেন না
অনেকেই ওজন কমানোর আশায় সকালের নাশতা বাদ দেন। কিন্তু এতে দিনের পরবর্তী সময়ে অতিরিক্ত ক্ষুধা অনুভূত হতে পারে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, সকালের নাশতা বাদ দেওয়ার সঙ্গে রক্তে শর্করার মাত্রার ওঠানামার সম্পর্ক থাকতে পারে। তাই দিনের শুরুতে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ।
পুষ্টিবিদদের মতে, সকালের নাশতায় প্রোটিন, খাদ্যআঁশ ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার রাখা উচিত। এ ধরনের খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। ফলে দুপুরের আগে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতাও কমতে পারে।
৩. আগেই খাবারের পরিকল্পনা করে রাখুন
ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধু কী খাচ্ছেন, তা নয়; কখন এবং কতটুকু খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। প্রতিদিন কী খাবেন, তা আগেই ঠিক করে রাখলে হঠাৎ ক্ষুধা লাগলে অস্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার ঝুঁকি কমে।
পুষ্টিবিদের মতে, খাবারের পরিকল্পনা করে রাখলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা সহজ হয়। এতে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ক্যালরি গ্রহণও নিয়ন্ত্রণ করা সম্ভব। আগের দিনই পরের দিনের খাবারের তালিকা তৈরি করে রাখা যেতে পারে। সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবারে কী থাকবে, তা ঠিক করে রাখলে খাদ্যাভ্যাসে শৃঙ্খলা আসে। ওজন কমানোর লক্ষ্য পূরণে এটি সহায়ক হতে পারে।
মনে রাখবেন সকালের এই তিনটি অভ্যাস ওজন নিয়ন্ত্রণের একটি ভালো শুরু হতে পারে। তবে শুধু সকালে পানি পান, নাশতা খাওয়া কিংবা খাবারের পরিকল্পনা করলেই পেটের মেদ কমবে না। এর পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং প্রতিদিনের ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণ করাও জরুরি।